বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্টে ঢাকা বিভাগে কর্মরত জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া এক অভিভাষণে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা বিচার বিভাগের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ, বাজেট বৃদ্ধি, এবং আদালতের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে এজলাস, খাসকামরা, রেকর্ডরুম, মালখানা ও আবাসনসংকট নিরসনের বিষয়টি গুরুত্ব পায়।
এছাড়া আদালত ও বিচারকদের নিরাপত্তা, বিচার ব্যবস্থার ডিজিটাইজেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা জোরদারের দাবিও উঠে আসে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারিক কর্মকর্তাদের উত্থাপিত বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করেন। তিনি বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকদের আর্থিক স্বাধীনতা এবং এ খাতে বাজেট বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
প্রধান বিচারপতি জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাইজেশন, বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিচারকদের দেশি-বিদেশি প্রশিক্ষণ, প্রতিটি জেলা আদালতে মেডিকেল সেন্টার ও ডে-কেয়ার সেন্টার স্থাপন, স্পিচ-টু-টেক্সট সফটওয়্যার তৈরি ও ব্যবহার এবং বিচারকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ চলমান রয়েছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









