জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সুখরঞ্জন বালি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছিলেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাজধানীর বাড্ডায় ওই পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩ জুলাই) ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ফজলুর রহমান সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার একজন কর্মকর্তা। তিনি ২০২৪ সালে অবসরে যান।
উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে নিখোঁজ হন সুখরঞ্জন বালি। পরে তার ভারতের কারাগারে থাকা বিষয়টি জানা যায়।
গত বছরের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি অভিযোগ করেন যে, তাকে গুম, অপহরণ, নির্যাতনসহ প্রায় পাঁচ বছর ভারতে অবৈধভাবে বন্দি করে রাখা হয়েছিল।
অভিযোগে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস. কে. সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানো এবং তার পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসার কারণে তাকে গুম, অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









