হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন।
বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আবেদনে অপর তিন আসামি হলেন—সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম।
অভিযোগে বলা হয়, বাদীর ৯ মাস বয়সী শিশু কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের ঘাটতি এবং চিকিৎসা অবহেলার কারণে শিশুটির অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে সময়মতো হামের টিকা না পাওয়ার কারণে শিশুটি টিকা গ্রহণ করতে পারেনি এবং পরে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও ব্যর্থতার কারণে সঠিক সময়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হয়নি। ফলে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয় এবং বহু শিশু আক্রান্ত হয়ে মারা যায় ও অনেকে চিকিৎসাধীন থাকে।
অভিযোগে দাবি করা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনস্বাস্থ্য রক্ষা ও টিকাদান কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছেন, যা সংবিধান অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব লঙ্ঘনের শামিল। এ কারণে ক্ষমতার অপব্যবহার ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
আদালত এ বিষয়ে আগামী ১২ জুলাই আদেশ দেবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









