অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনকারী চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাদের আচরণ গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল।
শোকজ নোটিশ পাওয়া চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন—মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা ও মো. আশিকুজ্জামান নজরুল।
নোটিশে উল্লেখ করা হয়েছে, রবিবার (৫ জুলাই) দুপুরে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে দায়িত্ব পালনকালে ওই চার কর্মকর্তা বিচারপ্রার্থী ও কার্যালয়ের অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন। একই সঙ্গে তাকে ভয়ভীতি প্রদর্শন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সংশ্লিষ্ট ভিডিও সংরক্ষিত রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের আচরণ গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বাধা সৃষ্টির সামিল। এ কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এই কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে যে প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, সেই প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









