উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এর আগে গত ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ফেরদৌস রহমান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেন।
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, বিধি অনুযায়ী ক্ষমতা না থাকা সত্ত্বেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে বিশেষ নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে শিক্ষা অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি ও বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। এছাড়া বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক উল্লেখ থাকলেও সেই সনদ ছাড়া প্রার্থীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এমনকি নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়। এসব অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
এ ঘটনায় রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









