সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে তাকে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। তিনি জানান, বুধবার বিকেলেই খায়রুল হক কারাগার থেকে বের হয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।
এর আগে গত ১৭ আগস্ট সর্বশেষ দায়ের করা মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। ওই আদেশের পর যেকোনো সময় তিনি কারামুক্ত হতে পারেন বলে জানিয়েছিলেন তার আইনজীবী।
গত ১০ আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২ জুলাই যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় তার জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে বনানী থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
এরও আগে ৩০ জুন যাত্রাবাড়ী থানার ওই মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। একই বেঞ্চ এই আদেশ দেন। পরে জামিনের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পর খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী-সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন খোয়াইব। সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এতে খোয়াইব গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহত খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।
গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে একে একে মোট নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সব মামলায় জামিন পাওয়ার পর বুধবার বিকেলে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এই প্রধান বিচারপতি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









