মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) এই মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। এর আগে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।
আদালতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
মামলার বিবরণ থেকে জানা যায়, রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল আট বছর বয়সী শিশু আছিয়া। গত বছরের ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টা চালান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ পৈশাচিক ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ চারজনকেই গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল পুলিশ অভিযোগপত্র দাখিল করে এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকার্য শুরু হয়। মাত্র ১৩ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষ করে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান গত বছরের ১৭ মে রায় ঘোষণা করেন। নিম্ন আদালতের রায়ে প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
তবে মামলার অন্য তিন আসামি—নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীবের ছোট ভাই (১৭) এবং সজীবের মা জাহেদা বেগমকে (৪০) খালাস দেন ট্রাইব্যুনাল।
আইন অনুযায়ী বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হলে তা অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠাতে হয়। সে অনুসারে গত বছরের ২১ মে মামলার নথি উচ্চ আদালতে পাঠানো হয়। এরপর পেপারবুক প্রস্তুত শেষে মামলাটি হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়। দীর্ঘ শুনানি শেষে আজ বহুল আলোচিত এই মামলার চুড়ান্ত রায় ঘোষণা হতে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









