প্রতারণার একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে নিশ্চিত করেছেন তাঁর আইনজীবীরা।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ প্রদান করেন।
নথিসূত্রে জানা যায়, ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত করে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সাথে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। এই মামলায় গত ২৫ আগস্ট রাত সাড় ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বিচারিক আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









