সকালের নাশতায় প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে অনেকেই বিরক্ত হয়ে যান। স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন কোরিয়ান খাবার ওমুরাইস। ভাজা ভাতের সঙ্গে ডিমের ওমলেট ও সুস্বাদু সসের সমন্বয়ে তৈরি এই খাবারটি শিশুদেরও বেশ পছন্দের।
কোরিয়ান ওমুরাইসের ইতিহাস বেশ আকর্ষণীয়। জাপানি শাসনামলে খাবারটি কোরিয়ায় প্রবেশ করে। পরে এটি দেশটির জনপ্রিয় ঘরোয়া খাবারে পরিণত হয়। সবজি ও মাংস দিয়ে ভাজা ভাত পাতলা ডিমের ওমলেটে মুড়িয়ে এর ওপর টক-মিষ্টি কেচাপ বা গাঢ় ডেমি-গ্লেস সস দিয়ে পরিবেশন করা হয়।
ডেমি-গ্লেস সস তৈরিতে
দেড় টেবিল চামচ রান্নার তেল
১ টেবিল চামচ ময়দা
৫ টেবিল চামচ কেচাপ
১ টেবিল চামচ সয়া সস
১ টেবিল চামচ মধু বা ব্রাউন সুগার
পরিমাণমতো পানি
সামান্য দুধ
ফ্রাইড রাইস তৈরিতে
২ কাপ রান্না করা ঠান্ডা ভাত
আধা বাটি গাজর কুচি
অর্ধেক পেঁয়াজ কুচি
কুচানো সবুজ ক্যাপসিকাম
পরিমাণমতো মুরগির মাংসের টুকরা
১ টেবিল চামচ কেচাপ
১ টেবিল চামচ সয়া সস
পরিমাণমতো তেল
ওমলেট তৈরিতে
প্রতি পরিবেশনে ৩টি ডিম
এক চিমটি লবণ
পরিমাণমতো তেল
প্রণালি
প্রথমে ডেমি-গ্লেস সস তৈরি করতে একটি প্যানে তেল গরম করে ময়দা দিন। মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট নেড়ে বাদামি রঙের মিশ্রণ তৈরি করুন। এরপর কেচাপ, সয়া সস, মধু বা ব্রাউন সুগার, পানি ও সামান্য দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ৮ থেকে ১০ মিনিট ফুটিয়ে সস ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।
এবার ফ্রাইড রাইস তৈরির পালা। কড়াইয়ে তেল গরম করে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম ও মুরগির মাংসের টুকরা দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর রান্না করা ঠান্ডা ভাত, কেচাপ ও সয়া সস দিয়ে ভালোভাবে মেশান। ১ থেকে ২ মিনিট নেড়ে ভাত গরম করে নিন।
ওমলেট তৈরির জন্য ডিমের সঙ্গে লবণ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। একটি নন-স্টিক প্যানে সামান্য তেল গরম করে ডিমের মিশ্রণ ঢেলে দিন। ডিমের কিনারা জমে এলে দুটি চপস্টিকের সাহায্যে দুই পাশ থেকে মাঝখানের দিকে টেনে এনে নরম ও ডিম্বাকৃতির ওমলেট তৈরি করুন।
পরিবেশন
প্রথমে একটি ছোট বাটিতে ফ্রাইড রাইস ভরে নিন। এরপর পরিবেশনের প্লেটে বাটিটি উল্টে ভাত সাজিয়ে সাবধানে সরিয়ে নিন। ভাতের ওপর নরম ওমলেটটি আলতো করে বসিয়ে দিন। সবশেষে আগে থেকে তৈরি করা গরম ডেমি-গ্লেস সস ওমলেটের ওপর ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু কোরিয়ান ওমুরাইস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









