রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘‘গুলশানে মিছিলে অংশগ্রহণকারী ৪০ জনকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।’’ তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিএমপি।
এর আগে শনিবার মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ।
ডিএমপি জানিয়েছিল, এ ঘটনায় ১১৮ জনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে, যারা ককটেল বিস্ফোরণসহ রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সরাসরি জড়িত ছিল বলে পুলিশের দাবি।
এ ছাড়া মিছিল চলাকালে ঘটনাস্থল থেকে গুলশান থানা পুলিশ দুজনকে আটক করে। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ এগিয়ে গেলে তারা ককটেল ছুড়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির প্রায় ১৫০ থেকে ২০০ সদস্য গুলশান এলাকায় জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন।
তিনি বলেন, নিকেতন এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের এক উপপরিদর্শক তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ঘটনাস্থলে পাঁচটি তাজা ককটেল ফেলে পালিয়ে যান।
ওসি জানান, মিছিল থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে স্লোগান দেওয়া হয়। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকশ মানুষের একটি মিছিলের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









