অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নতুন করে একাধিক দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকার দুই সিটি করপোরেশনে ঘুষ, নিয়োগ ও পদায়ন বাণিজ্য, টেন্ডার কমিশন গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে পৃথকভাবে অনুসন্ধানের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক তানজির আহমেদ।

তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান আগে থেকেই চলমান রয়েছে। নতুন করে পাওয়া অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এসব অভিযোগ আগের অনুসন্ধানের সঙ্গে সংযুক্ত করে তদন্ত করা হবে।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, নতুন অভিযোগগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগে অনিয়ম, বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদায়নে বাণিজ্য, বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার থেকে কমিশন গ্রহণ এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে আগের অনুসন্ধানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









