সড়কের ডিভাইডারে নতুন রং, কিন ব্রিজে সাজসজ্জা, সার্কিট হাউস ও মাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা। নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাশাপাশি রাষ্ট্রপতির যাতায়াতের পথ ও কর্মসূচির স্থান পরিদর্শন করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার সদস্যরা। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর ঘিরে এখন ব্যস্ত নগর।
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে আসছেন রাষ্ট্রপতি। সফরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি নগরবাসীর মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে পাঠানো পত্র অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেটের পথে রওনা হবেন রাষ্ট্রপতি। সকাল ১১টা ১৫ মিনিটে তাঁর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখান থেকে তিনি সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
দুপুর ১টার দিকে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে জিয়ারত শেষে বেলা আড়াইটার দিকে সার্কিট হাউসে ফিরবেন তিনি। কিছু সময় বিশ্রামের পর বিকেল সাড়ে ৩টার দিকে নাগরিক সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হবেন।
বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে ফিরে কিছু সময় অবস্থান করে সন্ধ্যায় বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। রাত ৮টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
রাষ্ট্রপতির সফর সামনে রেখে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। সড়কের ডিভাইডার, কিন ব্রিজ, সার্কিট হাউসসহ বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করা হচ্ছে। সিলেট সিটি করপোরেশন ও হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকাতেও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে দেখা গেছে সংশ্লিষ্টদের।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এদিনকে বলেন, রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার সফরকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে তার প্রতিফলন ঘটবে।
তিনি বলেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত। ঐতিহাসিক এই সফরকে স্বাগত জানাতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।
এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে নগরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। রাষ্ট্রপতির সম্ভাব্য যাতায়াতের পথ, কর্মসূচির স্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিশেষ নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম এদিনকে বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর প্রতিটি কর্মসূচি, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থান নিরাপত্তার আওতায় আনা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









