রাজধানীর ইসিবি এলাকায় নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় আসামির তালিকায় গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম চার নম্বরে রয়েছে।
গ্রেপ্তার হওয়া মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তার বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা রাজধানীর খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের দ্বিতীয় গলিতে। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএস এলাকায় বসবাস করেন।
এর আগে ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান (৫৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ওই মামলায় মিজানুর রহমানের পাশাপাশি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকেও আসামি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









