হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে শুক্রবার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, হুমকি, অশালীন আচরণ ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে ঢাকায় আসেন। বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপের মধ্যে লাগেজ ও ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দিলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালককে গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও রয়েছে। এছাড়া বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ ও সাধারণ যাত্রীদের মালামাল নিয়ে বিশৃঙ্খলার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলাটি শুক্রবার আদালতে উপস্থাপন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তা গ্রহণ করেন। বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলামকে আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









