ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতির মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়।
পরে আসামিদের আইনজীবী মিজানুর রহমান বাদশাহ জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন।
এদিকে, মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সোমবার দিন নির্ধারিত থাকলেও তা দাখিল করতে পারেনি দুদক। পরে আদালত আগামী ২৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আয়করদাতা আসিবুর রহমানের নামে ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। তবে অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকার।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
অভিযোগে আরও বলা হয়, শাজাহান খান সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্জিত অর্থের মাধ্যমে ছেলে আসিবুর রহমানের নামে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে সহায়তা করেছেন।
এ ঘটনায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









