কাবাব পছন্দ করেন না এমন মানুষ মেলা ভার। তবে তৈরির পদ্ধতি জটিল মনে করে অনেকেই ঘরে এটি বানাতে চান না। আসলে কাবাব তো নানা পদের হয়, মূল বিষয় হলো আপনি কোনটি খেতে ভালোবাসেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এমনই এক কাবাবের রেসিপি, যা তৈরি করা সবচেয়ে সহজ। একবার এই ঝটপট নিয়মটি জেনে নিলে, যেকোনো সময় ঘরেই বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক সহজ সেই রেসিপিটি—
তৈরি করতে যা লাগবে-
হাড়ছাড়া গরুর মাংস- আধা কেজি
ছোলার ডাল- ১ কাপ
পেঁয়াজ কুচি- আধা কাপ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
ডিম- ১টি
লবণ- স্বাদমতো
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
শুকনা মরিচ- ৫-৬টি
তেল- ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন-
মাংসের সঙ্গে ছোলার ডাল, গরম মসলা, শুকনা মরিচ, আদা-রসুন বাটা, লবণ এবং অল্প পানি দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর মিশ্রণটি ব্লেন্ড করে নিন। ব্লেন্ডার না থাকলে পাটায় বেটে নিতে পারেন। এবার মাংসের মিশ্রণের সঙ্গে ডিম ও পেঁয়াজ কুচি মাখিয়ে নিন। সেখান থেকে কাবাবের আকৃতিতে গড়ে তেলে ভেজে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









