মাংসের যেকোনো পদের মধ্যে কালাভুনার নাম শুনলেই জিভে জল চলে আসে না, এমন ভোজনরসিক খুঁজে পাওয়া দায়। বিশেষ করে খাসির মাংসের ঐতিহ্যবাহী কালাভুনা হলে তো কথাই নেই! নিখুঁত মসলার মেলবন্ধন আর রান্নার বিশেষ কৌশলে তৈরি এই পদের স্বাদ মুখে লেগে থাকে দীর্ঘদিন।
রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির সেই চেনা স্বাদ ঘরেই কীভাবে নিয়ে আসবেন, তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। তবে সঠিক রেসিপি জানা থাকলে খুব সহজেই রান্নাঘরে তৈরি করে নেওয়া যায় পারফেক্ট মাটন কালাভুনা। আজকের আয়োজনে থাকছে জিভে জল আনা সেই খাঁটি মাটন কালাভুনার সহজ ও দুর্দান্ত রেসিপি।
তৈরি করতে যা লাগবে-
খাসির মাংস- ১ কেজি
পেঁয়াজ কুচি- ১ কাপ
টকদই- ১ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
রাঁধুনি বা জোয়ান- ১ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
জয়ফল-জয়িত্রী গুঁড়া- ১ চা চামচ
মৌরি- ১ টেবিল চামচ
হলুদ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে
তেজপাতা, দারুচিনি, এলাচ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন-
প্রথমে মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার রান্নার পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেক তুলে রাখুন। এবার সব গুঁড়া মসলা ও আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। প্রয়োজন হলে অল্প পানি যোগ করবেন। সেদ্ধ হয়ে গেলে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করুন যেন মাংসের রং গাঢ় হয়। এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









