ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই চলছে টানা ভারী বৃষ্টি। এমন আবহাওয়ায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই সবচেয়ে নিরাপদ। তবে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বা জরুরি প্রয়োজনে অনেককেই বের হতে হয়। সে ক্ষেত্রে শুধু ছাতা বা রেইনকোট সঙ্গে থাকলেই যথেষ্ট নয়। নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য ব্যাগে রাখুন আরও কয়েকটি প্রয়োজনীয় জিনিস।
এক সেট বাড়তি পোশাক
ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে ছাতা থাকলেও পোশাক ভিজে যাওয়ার আশঙ্কা থাকে। ভেজা কাপড়ে দীর্ঘ সময় থাকলে সর্দি-কাশি বা ঠান্ডাজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। তাই ব্যাগে এক সেট শুকনো পোশাক রাখুন। অফিস বা গন্তব্যে পৌঁছে প্রয়োজন হলে বদলে নিতে পারবেন।
রুমাল বা ছোট তোয়ালে
বৃষ্টিতে মাথা, মুখ কিংবা হাত ভিজে গেলে দ্রুত মুছে নেওয়ার জন্য একটি রুমাল বা ছোট তোয়ালে সঙ্গে রাখা ভালো। এটি দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি স্বস্তিও দেবে।
পানির বোতল
প্রতিকূল আবহাওয়ায় অনেক সময় দোকানপাট বন্ধ থাকে বা সহজে খোলা দোকান পাওয়া যায় না। তাই বাইরে বের হলে নিজের পানির বোতল সঙ্গে রাখুন। এতে বিশুদ্ধ পানিও নিশ্চিত হবে।
ওয়াটারপ্রুফ পাউচ বা ব্যাগ
মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ল্যাপটপ কিংবা অন্যান্য ইলেকট্রনিকস বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যেতে পারে। তাই এসব জিনিস ওয়াটারপ্রুফ পাউচে রেখে ব্যাগে রাখুন। এতে ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যাবে।
পাওয়ার ব্যাংক
ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ বিভ্রাট হওয়া অস্বাভাবিক নয়। এমন পরিস্থিতিতে মোবাইল ফোন সচল রাখতে একটি চার্জ করা পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। জরুরি যোগাযোগের ক্ষেত্রে এটি বড় সহায়ক হতে পারে।
বর্ষাকালে বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বের হলে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও অনেকটাই নিরাপদ ও স্বস্তিতে চলাফেরা করা সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









