প্রকৃতির মাঝে সময় কাটালে মন ভালো থাকে। ভ্রমণের সময় সূর্যের আলো, তাজা বাতাস ও নতুন মানুষের সংস্পর্শ মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। মন ভালো থাকলে শরীরও স্বাভাবিকভাবে ভালো থাকে। অবিরাম কাজের চাপে অনেকেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। ভ্রমণ মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে, মনোযোগ বাড়ায় এবং কর্মক্ষমতা উন্নত করে। তাই ব্যস্ত জীবনের ফাঁকে সময় পেলেই কোথাও বেড়িয়ে পড়া উচিত। এটি কাজের মানও বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের সময় আমরা বিভিন্ন পরিবেশ, খাবার ও জলবায়ুর সংস্পর্শে আসি। এতে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। নিয়মিত ভ্রমণ করলে জীবাণুর বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হঠাৎ অসুস্থ হওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি স্ট্রেস কমে, সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং মন সতেজ থাকে। মানসিক অবসাদ কাটাতে খুব অল্প সময়ের জন্য হলেও ঘুরে আসা অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ছোট ট্রিপ মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করে এবং সুখের অনুভূতি বাড়ায়।
ভ্রমণ মন ও শরীরকে চাঙ্গা করে তোলে। শহুরে জীবনের একঘেয়েমি কাটাতে এবং মানসিক চাপ কমাতে নতুন পরিবেশ ম্যাজিকের মতো কাজ করে। অন্য সংস্কৃতির মানুষের সঙ্গে মিশে জীবন সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করা যায়। ভ্রমণের ফলে শারীরিক সক্রিয়তা বৃদ্ধি পায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।
মানুষ কাজ করে, দৌড়ায়, ব্যস্ত থাকে—কিন্তু এই ব্যস্ততার মাঝে সবচেয়ে বেশি অবহেলিত হয় মনের যত্ন। অনেকেই মনে করেন, ভ্রমণ মানেই বড় বাজেট, বিদেশযাত্রা বা দীর্ঘ পরিকল্পনা। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, প্রকৃতির মাঝে কয়েক ঘণ্টা কিংবা একদিনের ছোট ভ্রমণও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত ছোট অবকাশযাত্রা মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন দৃশ্য, বাতাস ও পরিবেশ মস্তিষ্কে জমে থাকা স্ট্রেস কমিয়ে মনকে শান্ত করে। নতুন জায়গায় গেলে মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা মনকে প্রফুল্ল ও সতেজ রাখে। ফলে মনোযোগ বাড়ে এবং কাজের প্রতি আগ্রহও ফিরে আসে।
বন্ধু কিংবা পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া এবং একসঙ্গে সময় কাটানো পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। সুস্থ মানসিক সম্পর্ক মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ পরিবর্তনের মাধ্যমে মস্তিষ্ক নতুনভাবে চিন্তা করতে শেখে। এ কারণেই অনেকেই ছোট ভ্রমণ শেষে কাজে ফিরে আরও সৃজনশীল হয়ে ওঠেন।
অনেকের ধারণা, ছুটি নিলে কাজ জমে যাবে বা সময় নষ্ট হবে। কিন্তু বিজ্ঞান বলছে, নিয়মিত বিরতি না নিলে মানসিক ক্লান্তি ধীরে ধীরে জমতে থাকে, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। তাই মনকে প্রাণবন্ত রাখতে সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো ভ্রমণ। একঘেয়েমি ও ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে নিয়মিত বেড়াতে যাওয়া প্রয়োজন।
ভ্রমণ মানেই দূরে কোথাও যাওয়া নয়। হতে পারে সেটি আপনার বাড়ির পাশের কোনো খোলা জায়গা, পার্ক, আত্মীয়ের বাসা কিংবা কোনো নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। যেখানে প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে মন শান্তি খুঁজে পায়। প্রকৃতির কাছাকাছি যে যায়, সে-ই উপলব্ধি করে প্রকৃত মানসিক প্রশান্তির স্বাদ।
বাংলাদেশ প্রকৃতির অপরূপ লীলাভূমি। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর পর্যটনকেন্দ্র। দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ছাড়াও রয়েছে সুন্দরবন, সিলেটের শ্রীমঙ্গল, মৌলভীবাজারের চা-বাগানসহ আরও অনেক দর্শনীয় স্থান। অল্প বাজেট ও স্বল্প সময় নিয়েই এসব জায়গা ঘুরে আসা সম্ভব। এছাড়া দেশের প্রায় প্রতিটি জেলাতেই গড়ে উঠেছে বিভিন্ন আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।
এসব দর্শনীয় স্থানে শিশুদের জন্য রয়েছে নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম ও রাইড। এগুলো শিশুদের শারীরিক চর্চা এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গৃহবন্দি জীবন থেকে বের হয়ে শিশুদের নিয়ে নিয়মিত ঘুরতে যাওয়া উচিত। এতে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে, মন প্রফুল্ল হয়, পড়াশোনায় মনোযোগ বাড়ে এবং শরীরও সুস্থ থাকে।
মেডিকেল সায়েন্স অনুযায়ী, ভ্রমণ মানুষের মেজাজ শান্ত রাখে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে মানসিক প্রশান্তি এনে দেয়। তাই দৈনন্দিন ব্যস্ততার মাঝেও সময় বের করে ভ্রমণে যাওয়া প্রয়োজন। ‘মানসিক স্বাস্থ্য ছাড়া শারীরিক সুস্থতা অসম্পূর্ণ’—এই উপলব্ধি থেকেই আমাদের ভ্রমণকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করা উচিত।
পরিশেষে বলা যায়, জীবনের ক্লান্তিকর ব্যস্ততার মাঝে ভ্রমণ এক অনন্য ওষুধ। এটি শুধু আনন্দই দেয় না, বরং মন, শরীর ও আত্মার ভারসাম্য ফিরিয়ে আনে। তাই কাজের ফাঁকে সময় পেলেই একটি ছোট ভ্রমণের পরিকল্পনা করুন। কারণ, ভ্রমণ মানেই নতুন শক্তি, নতুন অনুপ্রেরণা এবং নতুন জীবনের সন্ধান।
লেখক : অভিরাজ নাথ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









