পোশাকের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে তার নকশার ওপর। বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদাভাবে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, এর সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়াও জরুরি। একই হার এক পোশাকে আকর্ষণীয় দেখালেও অন্য পোশাকে মানানসই নাও হতে পারে। পোশাকের গলার কাটের সঙ্গে গয়নার আকার, দৈর্ঘ্য ও নকশার সামঞ্জস্য থাকলে সাধারণ পোশাকও হয়ে উঠতে পারে আকর্ষণীয়।
গোল গলার পোশাকের সঙ্গে ছোট হার
গোল গলার পোশাকের সঙ্গে গলার কাছাকাছি থাকা ছোট হার বেশ মানানসই। ছোট চেইন বা গলার সঙ্গে লেগে থাকা হার এ ধরনের পোশাকের সৌন্দর্য বাড়ায়। গলার কাটের আকৃতির সঙ্গে মিল রেখে গয়না বেছে নিলে সাজে ভারসাম্য আসে। পোশাকের গলায় নকশা থাকলে লম্বা বা ভারী হারের বদলে সাধারণ নকশার হালকা হার পরতে পারেন।
ভি-আকৃতির গলার সঙ্গে ঝুলন্ত হার
ভি-আকৃতির গলার পোশাকের সঙ্গে নিচের দিকে ঝুলে থাকা লকেট বা হার ভালো মানায়। গলার কাট যেদিকে নেমে গেছে, গয়নাটিও সেদিকে নেমে এলে সাজে সুন্দর সামঞ্জস্য তৈরি হয়। চিকন চেইনের সঙ্গে ছোট লকেট, হালকা নকশার হার কিংবা একাধিক পাতলা হার বেছে নিতে পারেন। গলার কাট খুব গভীর হলে ভারী গয়না এড়িয়ে চলাই ভালো।
চৌকো গলার সঙ্গে জ্যামিতিক নকশার গয়না
চৌকো গলার পোশাকে সরলরেখা ও কোণের উপস্থিতি থাকে। তাই এ ধরনের পোশাকের সঙ্গে জ্যামিতিক নকশার হার সুন্দর দেখায়। মাঝারি দৈর্ঘ্যের হার কিংবা ত্রিভুজ ও অন্যান্য আকৃতির লকেট ব্যবহার করতে পারেন।
নৌকার মতো গলার কাটে লম্বা হার
নৌকার মতো চওড়া গলার কাটে ঘাড় ও গলার হাড়ের অংশ স্পষ্ট থাকে। তাই এর সঙ্গে লম্বা হার বা একাধিক স্তরের মালা ভালো মানায়। পোশাকের ওপরের অংশের চওড়া ভাবের সঙ্গে নিচের দিকে নেমে আসা হার সুন্দর ভারসাম্য তৈরি করে। চাইলে হার বাদ দিয়ে বড় কানের দুলও পরতে পারেন।
প্রশস্ত গোল গলার সঙ্গে স্তরযুক্ত হার
গভীর ও প্রশস্ত গোল গলার পোশাকের সঙ্গে একাধিক স্তরের হার আকর্ষণীয় দেখায়। ছোট ও মাঝারি দৈর্ঘ্যের কয়েকটি সরু হার একসঙ্গে পরলে সাজে আধুনিকতার ছোঁয়া আসে। চাইলে বড় লকেটযুক্ত হারও পরতে পারেন। তবে পোশাকের গলায় ভারী কারুকাজ থাকলে স্তরযুক্ত হারের বদলে সাধারণ নকশার হার বেছে নেওয়া ভালো।
কাঁধ খোলা পোশাকে চোকার
কাঁধ খোলা পোশাকে ঘাড়, গলার হাড় ও কাঁধের বেশ কিছুটা অংশ দৃশ্যমান থাকে। তাই এ ধরনের পোশাকের সঙ্গে গলার কাছাকাছি থাকা চোকার মানানসই। মুক্তা, ধাতব নকশা কিংবা পাথর বসানো চোকার সাজে আভিজাত্য যোগ করে। চাইলে বড় কানের দুল পরেও সাজ সম্পূর্ণ করতে পারেন। পোশাকের নকশা জাঁকালো হলে গয়না হালকা রাখুন।
গলার চারপাশ ঢাকা পোশাকে লম্বা হার
গলার চারপাশ ঢাকা পোশাকের সঙ্গে ছোট হার অনেক সময় চোখে পড়ে না। তাই বুকের মাঝামাঝি বা তারও নিচে নেমে আসে এমন লম্বা হার, বড় লকেট কিংবা একাধিক স্তরের মালা বেছে নিতে পারেন। একরঙা পোশাকের সঙ্গে এ ধরনের গয়না ভালো মানায়। এতে পোশাকের ওপর একটি আকর্ষণীয় কেন্দ্র তৈরি হয়।
খোলা গলার পোশাকে নজরকাড়া হার
যেসব পোশাকে গলার অংশ অনেকটা খোলা থাকে, সেগুলোর সঙ্গে নজরকাড়া হার বেশ মানানসই। বড় পাথর বসানো হার, নকশাদার মালা কিংবা কিছুটা ভারী গয়না পরতে পারেন। তবে হার ভারী হলে কানের দুল ছোট রাখলে সাজে ভারসাম্য বজায় থাকে।
কলারযুক্ত পোশাকের সঙ্গে সরু চেইন
শার্ট বা কলারযুক্ত পোশাকের সঙ্গে হালকা চেইন ও ছোট লকেট ব্যবহার করতে পারেন। কলার কিছুটা খোলা থাকলে একাধিক সরু চেইন পরা যায়। আর কলার পুরোপুরি বন্ধ থাকলে হার বাদ দিয়ে কানের দুল কিংবা ঘড়ির দিকে নজর দিতে পারেন।
সূত্র: দ্রিয়া জুয়েলারি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









