উৎসবের টেবিলে গরুর মাংসের যেকোনো পদই জমজমাট। তবে মাংস ভুনা কিংবা আলুর ঝোলের মতো চেনা রান্নার বাইরে যদি টেবিলে একটু নতুনত্ব আনা যায়, তবে কেমন হয়? রুটি, পরোটা, পোলাও কিংবা গরম খিচুড়ির সঙ্গে দারুণ মানিয়ে যায় টক-ঝাল-মিষ্টি স্বাদের ‘দই বিফ’। অতিথি আপ্যায়ন বা ঘরোয়া আয়োজনে খাবারের স্বাদ দ্বিগুণ করতে আজই ট্রাই করতে পারেন এই পদটি। চলুন জেনে নেওয়া যাক দই বিফ রান্নার সবচেয়ে সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে-
হাড় ছাড়া গরুর মাংস- আধা কেজি
ফেটানো টক দই- আধা কাপ
তেল- পরিমাণমতো
আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
পেঁয়াজ- ২টি
মাংসের মসলা- ২ চা চামচ
দারুচিনি ও এলাচি- কয়েকটি
কাজুবাদাম ও কাঠবাদাম- ৭-৮টি।
যেভাবে তৈরি করবেন-
মাংসের সঙ্গে মেরিনেশনের সব মসলা ও অর্ধেক টক দই মিশিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। পেঁয়াজ ভেজে তার সঙ্গে আদা, রসুন এবং দুই ধরনের বাদাম সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। রান্নার হাঁড়িতে তেল গরম করে ফোড়নের মসলাগুলো দিয়ে মেরিনেট করা মাংস ৫-৮ মিনিট কষিয়ে নিন। এরপর বাদাম ও পেঁয়াজের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। দেড় কাপ গরম পানি দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস নরম হয়ে তেল ভেসে উঠলে বাকি টক দইটুকু মিশিয়ে আরও ২-৩ মিনিট অল্প আঁচে দমে রেখে নামিয়ে নিন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই বিফ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









