মানুষের বড় হতে নেই
তবুও মানুষ বড় হতে চায়
একদিন বড় হয়ে যায় জানান দেয় — সাবলীল কাড়াকাড়ি গ্রন্হ পাতায়।
সবল-সবলা যুদ্ধে হিংস্র শ্বাপদরা যে ভাবে বড় হয়ে যায়
তাদের দেখানো পথে মানুষও তাদের মতো করে বড় হতে চায়
একদিন বড় হয়ে যায়।
মানুষের সংসারে বড় হওয়া কঠিন জেনে
শার্দূল শ্বাপদ শ্রেণীরা নিজেদের মাঝে
খাবার দাবার শিকার ধরা চিন্তা বাদে বাকিটা সময় ঘুমিয়ে কাটায়;
করে না বড় হবার অহেতুক ধৃষ্টতা টলমল নাই আঁখিতে জল মানুষ হবার নিত্য বাসনা।
তবুও কোনো একদিন পৃথিবী মায়া সংসারে বড় হবার
নিরর্থক কঠিন বাসনা সাবাড় করে, শার্দূল শ্বাপদরা বড় হবার
একচ্ছত্র আধিপত্য অধিকার মানুষের হাতে ছেড়ে দেয়;
সংখ্যালঘু মানুষের মতো করে রোগে শোকে অপুষ্টি যৌবনে কেবলি
মুখে মুখে হালুম হালুম স্বাধীনতার পাঠশালা অধিকার চাই বলে বনে জঙ্গলে একাকী হেঁটে বেড়ায়।
বোধের ফোড়ন ছাড়া মানুষের বড় হতে নেই
দৃষ্টিসীমা বড় হতে হতে যে রকমের দুরবিন চোখেও আবছা
প্রায় কিংবা হাজার লক্ষ কোটি কৌণিক সংঘর্ষে দৃষ্টি হারায়,
বড় হবার পরে মানুষও তার সর্বস্ব হারানোর মোহ শোকে পালিয়ে বেড়ায়।
এই যে দেখছো না!
মানুষের ঘর সংসার পরিবার পরিজন?
একটু বাড়িয়ে যদি বলি,দেখো না এই দেশ সংসার?
মানুষ বড় হলে পরে জন্মের পরিচয় হারায়
মা ও মাটির আসল ঠিকানা হারায়
সংসার হারায় দেশ হারায়;
ঐ যে দেখছো না এভারেস্ট হিমালয়!
বড় হতে হতে পড়ে যাবার ঝুঁকিতে নিজের বরফ ত্বক ছেড়ে নিরাবরণ সন্ন্যাসী হয়;
যেভাবে বড় হতে হতে বাসনা ছেড়ে সম্রাট অশোক অশোকস্তম্ভ বানায়।
যেভাবে বড় হবার পরে রুদ্র শক্তসমর্থ চিরচেনা সমুদ্র ঢেউ বিষন্নতার সাদা কফিনে হিমশৈল করে নিজেকে গুটিয়ে নেয়!
প্রকৃতি ঠিকুইজি বিচারে মানুষেরও মিছেমিছি বড় হতে নেই
চিরচেনা পৃথিবী সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার।
অহংকারী নক্ষত্র খসে মরে গেছে সে কবেই!
বড় হবার পরে মানুষের থাকেনা চিরচেনা
মানুষের মতো মানুষ করে রাখা কবিতা ছন্দ অন্ত্যমিল
বড় হতে হতে মানুষ হয়ে যায় বড্ড বেশি রকমের চির-অচেনা
গল্পে —
নানান রকমের আবাল চরিত মিথ উপমা লিংক।
মানুষের বড় হতে নেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









