ভারতীয় সংগীতের নিজস্ব ঐতিহ্য কি পাশ্চাত্য সংগীতের প্রভাব গ্রহণ করেও স্বকীয়তা ধরে রাখতে পারে? লোকসুর, শাস্ত্রীয় সংগীত আর পাশ্চাত্য বাদ্যযন্ত্রের মেলবন্ধনে কি তৈরি হতে পারে সম্পূর্ণ নতুন এক সংগীতভাষা? ষাটের দশকের আগেই এসব প্রশ্ন নিয়ে গভীরভাবে ভেবেছিলেন সুরকার, গীতিকার ও সংগীতচিন্তক সলিল চৌধুরী। তার কাছে সংগীত কোনো স্থির, অপরিবর্তনীয় ঐতিহ্য ছিল না; বরং সময়, সমাজ ও মানুষের বদলে যাওয়া জীবনবোধের সঙ্গে সংগীতেরও বদলে যাওয়ার কথা।
১৯৫৯ সালে ‘সঙ্গীতিকা’ পত্রিকার প্রথম বর্ষের পূজা সংখ্যায় প্রকাশিত ‘আধুনিক ভারতীয় সংগীতের বিবর্তন’ প্রবন্ধে সলিল চৌধুরী তুলে ধরেছেন আধুনিক ভারতীয় সংগীতের বিবর্তন নিয়ে তার নিজস্ব ভাবনা। রাগসংগীত ও লোকসংগীতের ঐতিহ্য, পাশ্চাত্য সংগীতের প্রভাব, অর্কেস্ট্রেশনের সম্ভাবনা এবং সৃজনশীল স্বাধীনতার প্রশ্নে তিনি যুক্তি দিয়েছেন নির্মোহ অথচ দৃঢ় কণ্ঠে। তার বক্তব্যের কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস—সংগীতের প্রাণ তার পরিবর্তনশীলতায়; অন্ধ অনুকরণ যেমন তাকে সমৃদ্ধ করতে পারে না, তেমনি গোঁড়া ঐতিহ্যবাদও তার বিকাশের পথ আটকে দিতে পারে।
সলিল চৌধুরীর জন্মদিনে দৈনিক এদিন অনলাইন প্রকাশ করল এই গুরুত্বপূর্ণ প্রবন্ধ। ছয় দশকেরও বেশি সময় আগে লেখা হলেও সংগীতের স্বকীয়তা, সংস্কৃতির আদান-প্রদান এবং শিল্পীর স্বাধীনতা নিয়ে তার চিন্তাগুলো আজও সমান প্রাসঙ্গিক।
আধুনিক ভারতীয় সংগীত নিয়ে এক বিশেষ শ্রেণির মানুষের একটা অভিযোগ আছে—এই সংগীত নাকি আদৌ ভারতীয় নয়। এমনকি কেউ কেউ তো একে সংগীত বলেই স্বীকার করতে চান না। দ্বিতীয় অভিযোগটি নিয়ে আমি আপাতত কিছু বলতে চাই না। কিন্তু আধুনিক ভারতীয় সংগীত ভারতীয় নয়—এই মতটি আমার কাছে বেশ কৌতূহলোদ্দীপক। আমার মনে হয়, বিষয়টি নিয়ে আলোচনা হওয়া দরকার। কারণ, এই অভিযোগ যারা তোলেন, তারা সংগীতের জগতে বেশ প্রভাবশালী এবং তাদের বক্তব্যকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাদের যুক্তি মোটামুটি তিনটি। এক, আধুনিক ভারতীয় সংগীতে ভারতীয় রাগরাগিণীর স্বরবিন্যাস অনুসরণ করা হয় না। দুই, এই সংগীতে ভারতীয় লোকসংগীতের নিজস্ব বৈশিষ্ট্য অনুপস্থিত। তিন, এই সংগীতের সঙ্গে বিদেশি অর্কেস্ট্রার বাদ্যযন্ত্র ও সংগীত সহজেই ব্যবহার করা যায়। মনে রাখতে হবে, এই অভিযোগগুলোর অধিকাংশই মূলত ভারতীয় চলচ্চিত্রের গানকে কেন্দ্র করে। আধুনিক ভারতীয় সংগীতের সবচেয়ে জনপ্রিয় প্রকাশ ঘটেছে চলচ্চিত্রের গানেই। সমালোচকদের এই গোষ্ঠীর একাংশের বিশ্বাস, ভারতীয় সংগীতের সঙ্গে পাশ্চাত্য সংগীতের মেলবন্ধন সম্ভব নয়। দুই ধারাকে পাশাপাশি রেখে কোনো সার্থক সংগীত সৃষ্টি করা যায় না। এমন ধারণা শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আকাশবাণীর মনোভাবেও এর প্রতিফলন দেখা যায়। সেখানে লঘু শাস্ত্রীয় সংগীতের বিভাগে—যাকে আধুনিক সংগীতের বিভাগ বলা হয় না—হারমোনিয়ামকে প্রায় নিষিদ্ধ বাদ্যযন্ত্রের মর্যাদা দেওয়া হয়েছে।
এবার এই অবহেলিত বাদ্যযন্ত্রটি সম্পর্কে দু-একটি কথা বলা যাক।
অ্যাকর্ডিয়ন ও অর্গানের সংমিশ্রণ এবং পরিবর্তনের মধ্য দিয়ে হারমোনিয়ামের জন্ম। ভারতে এই বাদ্যযন্ত্রের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। শাস্ত্রীয় সংগীতের বড় বড় শিল্পী থেকে শুরু করে সংগীতের একেবারে নবীন শিক্ষার্থী, এমনকি পথের গায়ক—সবাই হারমোনিয়াম ব্যবহার করেন। বলা যায়, এটি আমাদের জাতীয় বাদ্যযন্ত্রে পরিণত হয়েছে। ওস্তাদ আবদুল করিম খাঁ, ফৈয়াজ খাঁ, আখতারি বাইয়ের মতো প্রতিভাবান শিল্পীরা ঠুমরি, ভজন, কাওয়ালি ও গজলের মতো বিভিন্ন ধারার সংগীত পরিবেশন করেছেন। তাদের পাশাপাশি আধুনিক গানের শিল্পীরাও হারমোনিয়াম ব্যবহার করেছেন, আজও করছেন। আমার ধারণা, কবিগুরু রবীন্দ্রনাথই প্রথম হারমোনিয়াম ব্যবহারের বিরোধিতা করেছিলেন। তার আশঙ্কা ছিল, সংগীতের প্রাথমিক শিক্ষার্থীরা হারমোনিয়ামের নির্দিষ্ট স্বরবিন্যাসের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বে। ফলে কণ্ঠ ও সুরের স্বতঃস্ফূর্ত প্রকাশ বাধাগ্রস্ত হবে। তার যুক্তির যথেষ্ট ভিত্তি আছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সংগীতের সহযোগী বাদ্যযন্ত্র হিসেবেও হারমোনিয়ামকে কেন একেবারে বাতিল করে দেওয়া হবে, তা আমার বোধগম্য নয়।
নিজের সৃষ্ট সংগীতের সঙ্গে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার সুরকারের। রবীন্দ্রসংগীতের প্রায় সব জনপ্রিয় গ্রামোফোন রেকর্ডেই তো অর্গান ব্যবহৃত হয়েছে। আমার বিশ্বাস, পটভূমির সংগীতে অর্গানের সাহায্যে দুই বা ততোধিক স্বরের কোমল কর্ড ব্যবহার করা গেলে রবীন্দ্রসংগীতের প্রকাশ আরও সমৃদ্ধ, মাধুর্যময় ও সহজবোধ্য হতে পারে। কিন্তু আজকের কোনো সুরকার যদি মনে করেন, তার সৃষ্ট সংগীতের আবেগ ও সৌন্দর্য প্রকাশের জন্য অর্গান কিংবা হারমোনিয়ামের ব্যবহার প্রয়োজন, তবু তিনি তা করতে পারবেন না। কেন? কারণ, যন্ত্রটি বিদেশি! এটি নাকি ভারতীয় সংগীতের সমস্ত বৈশিষ্ট্য ধ্বংস করে দেয়! এই যুক্তি মেনে নিতে হলে আমাদের সংগীতের যেসব শিল্পীকে আমরা ওস্তাদ বলে শ্রদ্ধা করি, তাদের শত শত রেকর্ডিংকেও বাতিল করতে হয়। শাস্ত্রীয় সংগীতের এত বড় বড় শিল্পী যদি মনে করে থাকেন যে হারমোনিয়াম তাদের সংগীতের প্রকাশকে বাধা দেয়নি, বরং সাহায্য করেছে, তাহলে আধুনিক সুরকারদের ক্ষেত্রে এই আপত্তি কেন?
অন্যদিকে, ভারতীয় বাদ্যযন্ত্রশিল্পীরা হারমোনিয়াম এবং বেহালার মতো পাশ্চাত্য বাদ্যযন্ত্র ব্যবহার করে এমন এক নতুন সংগীতধ্বনি সৃষ্টি করেছেন, যার তুলনা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আমি এমন অনেক শিল্পীকে চিনি, যারা হারমোনিয়াম বাজানোর ক্ষেত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেছেন। ভারতীয় সংগীতের নিজস্ব আবেগ, প্রকাশভঙ্গি ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই তারা বিশ্বের শ্রেষ্ঠ অ্যাকর্ডিয়নবাদকদের সঙ্গে সমান দক্ষতায় প্রতিযোগিতা করতে পারেন। আসলে হারমোনিয়ামের ওপর এই নিষেধাজ্ঞার পেছনে কাজ করছে স্থিতাবস্থা বজায় রাখার মানসিকতা এবং গোঁড়া রক্ষণশীলতা। সংগীতকার কিংবা শিল্পীরা নিশ্চয়ই অকারণে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করেন না। যে যন্ত্র তাদের সংগীতের সৌন্দর্য প্রকাশে সাহায্য করে, তারা স্বাভাবিকভাবেই সেটি বেছে নেন। চলচ্চিত্রের গানে অবশ্য হারমোনিয়াম ব্যবহারের এমন কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সেখানেও হয়তো একশোটি গানের মধ্যে মাত্র একটিতে হারমোনিয়াম শোনা যায়। তাও সাধারণত বাইজির গান কিংবা কাওয়ালির ক্ষেত্রে। আকাশবাণীর হারমোনিয়ামবিরোধী মনোভাবের ফলে হারমোনিয়ামের জনপ্রিয়তা কমেনি; বরং আকাশবাণীর জনপ্রিয়তাই ক্রমশ কমেছে।
যাক, এবার মূল আলোচনায় ফিরে আসা যাক। ভারতীয় ও পাশ্চাত্য সংগীতের মেলবন্ধন নিয়ে তাত্ত্বিক আলোচনায় যাওয়ার আগে বাস্তবে এই দুই ধারার সংমিশ্রণ কী ধরনের প্রভাব ফেলেছে, তা দেখা প্রয়োজন। গত শতাব্দী থেকে ভারত যেমন ভাষা, শিল্পকলা, পোশাক ও জীবনযাপনের নানা ক্ষেত্রে পাশ্চাত্য সংস্কৃতির সংস্পর্শে এসেছে এবং তার অনেক কিছু আত্মস্থ করেছে, সংগীতের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। যে সংস্কৃতি সত্যিকার অর্থে প্রগতিশীল, সে কখনো বিদেশি প্রভাবকে ভয় পায় না। অনুকরণের বাড়াবাড়ি কখনো দেখা দিলেও শেষ পর্যন্ত সেই সংস্কৃতি নিজেই অপ্রয়োজনীয় অংশ বর্জন করে বৃহত্তর সমন্বয়ের পথে এগিয়ে যায়। ভারতের দীর্ঘ ইতিহাসে বিদেশি শক্তির কাছে পরাজয়, তাদের শাসন ও আধিপত্যের বহু কাহিনি রয়েছে। কিন্তু কেউই আমাদের সভ্যতা ও সংস্কৃতির শিকড় উপড়ে ফেলতে পারেনি। বরং বিদেশি সংস্কৃতির ভালো দিকগুলো গ্রহণ করেই ভারত বারবার নিজের সাংস্কৃতিক ঐশ্বর্যকে আরও সমৃদ্ধ করেছে। এরপর এল ব্রিটিশ শাসনের যুগ। পাশ্চাত্যের চিন্তাভাবনা ও জীবনদর্শনের প্রতি ভারতীয় মন বিশেষভাবে আকৃষ্ট হলো। ইউরোপীয় সংস্কৃতি এবং ভারতীয় সাহিত্য ও শিল্পকলায় তার প্রভাব বাংলার নবজাগরণের মধ্য দিয়ে যথাযথ প্রকাশ পেল।
সাহিত্যে রবীন্দ্রনাথের মধ্যে আমরা দুই সংস্কৃতির অপূর্ব সমন্বয় দেখতে পাই। চিত্রকলায় সেই কাজ করেছিলেন অবনীন্দ্রনাথ। সংগীতের ক্ষেত্রে বিষয়টি অবশ্য এত সরল নয়। তবু পাশ্চাত্য সংগীতের প্রভাব এখানেও একইভাবে কাজ করেছে। সে প্রসঙ্গে পরে আসব। ভারতীয় ও পাশ্চাত্য সংগীতের মেলবন্ধন আদৌ সম্ভব কি না, তার উত্তর আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। গত অর্ধশতাব্দীর আধুনিক গানের বিপুল জনপ্রিয়তাই তার প্রমাণ। পূর্ব ও পশ্চিমের সুরের সফল সমন্বয়ে তৈরি আধুনিক গানকে সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেছেন। জনপ্রিয়তার বিচারে এই গানের প্রায় নিরানব্বই শতাংশই তার সাক্ষ্য বহন করে। শিল্প সৃষ্টির মধ্যে শুধু স্রষ্টার ব্যক্তিগত পরিচয় ও অনুভূতি প্রকাশ পায় না; প্রকাশ পায় তার সময়, সমাজ এবং চারপাশের পরিবেশও। আমাদের শাস্ত্রীয় কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীতের শিল্পীরা নিজেরাই সুরের স্রষ্টা। পরিবেশনের মুহূর্তে তারা তাৎক্ষণিকভাবে সুরের বিস্তার ঘটান। শিল্পীর নিজস্ব ব্যক্তিত্ব ও অনুভূতি অনুযায়ী একই রাগ বা রাগিণীও ভিন্ন ভিন্ন রূপ পায়। একটি রাগের নির্দিষ্ট স্বরসীমা থাকলেও দিনের বিভিন্ন সময় কিংবা মুহূর্তের অনুভূতি অনুযায়ী তার প্রকাশ বদলে যেতে পারে। পঞ্চাশ বছর আগে যেভাবে একটি রাগের বিস্তার ঘটানো হতো, আজকের শিল্পী হয়তো সম্পূর্ণ অন্যভাবে তা প্রকাশ করছেন। ওস্তাদ সালামত আলির দরবারি কানাড়া কিংবা বাগেশ্রী রাগের বিস্তার শুনলে আমার বক্তব্য বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ঠুমরি গাওয়ার সময় তার কণ্ঠে কর্ড ও ক্রোম্যাটিক স্বরের যে স্বতঃস্ফূর্ত ব্যবহার শোনা যায়, তাকে আমি একেবারেই আধুনিক সংগীতের প্রকাশভঙ্গি বলব। অথচ সেখানে রাগভিত্তিক সংগীতের বিশুদ্ধতা বিন্দুমাত্র ক্ষুণ্ন হয় না।
প্রতিটি যুগের সংগীত শুধু সেই সময়ের রুচি ও জীবনধারাকে প্রকাশ করে না, নতুন সংগীতরীতিও সৃষ্টি করে। ধ্রুপদ থেকে খেয়ালের জন্ম হয়েছে, খেয়াল থেকে ঠুমরির। এরপর এসেছে আরও নানা ধরনের লঘু সংগীত। কিন্তু এই সব ধারারই মূল উৎস সেই চিরন্তন ভারতীয় লোকসংগীত। উনিশ শতকের শেষভাগে মানুষের ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা জেগে উঠেছিল, তারই ধারাবাহিকতায় আজকের আধুনিক সংগীতের বিকাশ। এই সংগীতের অনুপ্রেরণার উৎস ছিল ভারতীয় গণসংগীত। মতপ্রকাশের এই স্বাধীনতাই সংগীতের ব্যাকরণের সংকীর্ণ সীমানা ভেঙে দিয়েছে। সংগীতে বেহালা, ক্ল্যারিনেট, হারমোনিয়াম ও পিয়ানোর মতো নতুন বাদ্যযন্ত্রের ব্যবহারের পথ খুলে দিয়েছে।
এ কথা অস্বীকার করার উপায় নেই যে আজকের সংগীতকারদের জীবনবোধ, দৃষ্টিভঙ্গি, লক্ষ্য ও আদর্শ তাদের পূর্বসূরিদের থেকে অনেকটাই আলাদা। তারা নিজেদের সৃষ্ট সংগীতের মধ্য দিয়ে এই নতুন মূল্যবোধ ও আদর্শকে প্রকাশ করতে চান। প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন ধারা নিয়ে গভীর গবেষণা করার পরও আজকের কোনো সুরকারের মনে হতে পারে, তার নিজের সময়ের কথা প্রকাশ করার জন্য সেই প্রাচীন রীতিনীতি, স্বরবিন্যাস কিংবা সংগীতের ব্যাকরণ যথেষ্ট নয়। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নির্মীয়মাণ বিশাল বাঁধ, নতুন নতুন সামাজিক ও রাজনৈতিক ঘটনা—এসবই তো আজকের সংগীতের বিষয় হতে পারে। আর এই বিষয়গুলো প্রকাশের জন্য প্রয়োজন নতুন সংগীতভাষা। কোনো সুরকার হয়তো মনে করতে পারেন, সুরের বিকাশে কাউন্টারপয়েন্ট কিংবা পলিফনির ব্যবহার তার কল্পনাকে পূর্ণ স্বাধীনতা দিতে পারে। এ ক্ষেত্রে তাঁকে সেই স্বাধীনতা ও উৎসাহ দেওয়া প্রয়োজন।
কোনো শিল্পীই আগে থেকে বলতে পারেন না, তার সৃষ্টি শেষ পর্যন্ত ঠিক কোন রূপ নেবে। তার সংগীত প্রচলিত ব্যাকরণের বিশুদ্ধতা বজায় রাখবে কি না, সেটাও আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয়। প্রতিটি শিল্পমাধ্যম নিজের প্রয়োজনেই ক্রমাগত বদলায়। শিল্পীর কাজ সেই পরিবর্তনকে অনুসরণ করা; পরিবর্তনকে পুরোনো ব্যাকরণের শিকলে বেঁধে রাখা নয়। উদাহরণ হিসেবে গত শতাব্দীর দ্বিতীয়ার্ধ এবং এই শতাব্দীর প্রথম দিকের জনপ্রিয় গানগুলোর কথা বলা যায়। সেই সময়ের সামাজিক ও ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ করলে দেখা যাবে, গানগুলোর মধ্যে প্রতিফলিত হয়েছিল বিদেশি শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং জাতীয় চেতনার ক্রমবর্ধমান জাগরণ। এই জাগরণই গানগুলোর মধ্য দিয়ে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। মিছিল, জনসভা, এমনকি কারাগারের বন্ধ দরজার আড়ালেও মানুষ এসব গান গাইত। এই গানগুলোর সুরকারদের মধ্যে ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, ডি এল রায়, পরে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম। তারা সংগীতের এক নতুন ভাষা নির্মাণ করেছিলেন। বাংলার স্বাধীনতা আন্দোলনও সংগীতের এক নতুন ও বিপ্লবী ধারার জন্ম দিয়েছিল। মানুষ তখন জাতীয় চেতনায় জাগ্রত হচ্ছে, বিদেশি শাসনের শৃঙ্খল ভাঙতে চাইছে। সুরকাররাও সেই আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে রচনা করলেন শৃঙ্খল ভাঙার গান। মিছিলের পদযাত্রায় গাওয়ার জন্য এসব গান মূলত পাশ্চাত্যের মার্চিং সং-এর আদলে তৈরি হয়েছিল। ‘এক সূত্রে বাঁধা আছি’, ‘উঠ গো ভারতলক্ষ্মী’, ‘বলো বলো বলো সবে’, ‘ধানধান্যে পুষ্পে ভরা’, ‘দেশ দেশ নন্দিত করি’, ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’—এমন অসংখ্য গানের মধ্যে পাশ্চাত্য সংগীতের প্রভাব রয়েছে। আমাদের জাতীয় সংগীত ‘জনগণমন অধিনায়ক’ও তার ব্যতিক্রম নয়। এই ধরনের গানের সংখ্যা একশোরও বেশি।
কিছু সমালোচকের ধারণা, এই গানগুলোর সুর ভারতীয় রাগরাগিণীর মধ্যেই সীমাবদ্ধ। তাদের বক্তব্য আংশিক সত্য। কারণ, প্রাচীন ভারতীয় সংগীতব্যবস্থার নির্মাতারা বারোটি মূল স্বরের নানা সংযোজন ও বিয়োজনের মাধ্যমে অসংখ্য স্বরবিন্যাস তৈরি করেছিলেন এবং সেগুলোর আলাদা আলাদা নাম দিয়েছিলেন। ফলে পৃথিবীর প্রায় যেকোনো অঞ্চলের সুরকেই আমাদের কোনো না কোনো রাগ, রাগিণী কিংবা মিশ্র রাগের অন্তর্ভুক্ত করা সম্ভব। কিন্তু শুধু কোন কোন স্বর ব্যবহার করা হয়েছে, সেটুকু বিচার করলেই একটি সুরের প্রকৃত পরিচয় পাওয়া যায় না। সেই সুরের নিজস্ব বৈশিষ্ট্য, তার প্রকাশভঙ্গি এবং তার আবেগ ও মেজাজও বিচার করতে হবে। ভারতীয় সংগীতে অর্কেস্ট্রা ব্যবহারের রীতিটিও এসেছে পাশ্চাত্য সংগীত থেকে। বিদেশি বাদ্যযন্ত্রের স্বতন্ত্র ধ্বনি ও নিখুঁত বাদনশৈলী আমাদের মানুষের মন জয় করেছে। একই সঙ্গে এসব বাদ্যযন্ত্র ভারতীয় সংগীতের অর্কেস্ট্রেশন বা সম্মিলিত বাদ্যযন্ত্রের ব্যবহারের পথও খুলে দিয়েছে। এই অর্কেস্ট্রায় ভারতীয় বাদ্যযন্ত্রেরও যথেষ্ট জায়গা রয়েছে। আমাদের যন্ত্রশিল্পীরা বরাবরই নিজেদের বাদনশৈলী ও দক্ষতা উন্নত করার চেষ্টা করেছেন। অর্কেস্ট্রায় বাজানোর ক্ষেত্রে লিখিত স্বরলিপির নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। এ কারণে তারা স্বরলিপি যথাসম্ভব নিখুঁতভাবে লিপিবদ্ধ করার প্রয়োজন অনুভব করেন। যদিও এ বিষয়ে আমরা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি এবং স্বরলিপির কোনো সর্বজনস্বীকৃত পদ্ধতিও গড়ে ওঠেনি।
দুর্ভাগ্যজনকভাবে পাশ্চাত্যের স্টাফ নোটেশন পদ্ধতি আমাদের যন্ত্রশিল্পীদের জন্য খুব সহজে ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি।ভারতীয় নৃত্যসংগীত বা ব্যালে সংগীতের ক্ষেত্রে অর্কেস্ট্রার ব্যবহারের কথা উঠলে পথিকৃৎ তিমিরবরণ ও পণ্ডিত বিষ্ণুদাস শিরালির নাম অবশ্যই উল্লেখ করতে হয়। এ প্রসঙ্গে রাইচাঁদ বড়ালের অবদানও বিশেষভাবে স্মরণীয়। চলচ্চিত্রের আবহসংগীত রচনা এবং ভারতীয় ও পাশ্চাত্য বাদ্যযন্ত্রের সমন্বয়ে গানের সুর তৈরি—দুই ক্ষেত্রেই তিনি অসাধারণ সাফল্য দেখিয়েছেন। ভারতীয় অর্কেস্ট্রাল সংগীতের ক্রমাগত উন্নতির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় না গিয়েও বলা যায়, নতুন প্রয়োজন থেকেই এই ধারার বিকাশ ঘটেছে। আর এই নতুনত্ব ও রূপান্তরের মূলে সব সময় ছিলেন আমাদের সংগীতকারেরা। ভারতীয় সংগীতের নিজস্বতা বজায় রেখে তাকে আরও সমৃদ্ধ করার যে নিরন্তর প্রচেষ্টা চলছে, তা আমার কাছে সব সময় অনুপ্রেরণার উৎস। ভারত সরকার শাস্ত্রীয় ও জনপ্রিয় সংগীতের সম্মেলন আয়োজন করছে, প্রতিভাবান ও জ্ঞানী শিল্পীদের সম্মানিত করার জন্য নানা উপাধি ও স্বীকৃতির ব্যবস্থা করছে—এসব উদ্যোগ ভারতীয় সংগীতের বিকাশের ক্ষেত্রে আশাব্যঞ্জক।
আমাদের স্থাপত্য, প্রাচীন ভাস্কর্য, বিখ্যাত শিল্পকর্ম এবং হস্তশিল্পের নিদর্শন সংরক্ষণের উদ্যোগ দেখে আমি আনন্দিত হই। কিন্তু তার চেয়েও বেশি আনন্দ পাই যখন দেখি নতুন নতুন শহর গড়ে উঠছে, বিজ্ঞান ও শিল্পকলার ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস, আজকের ভারত প্রাচীন ভারতের উত্তরাধিকার বহন করেই সামনে এগিয়ে চলেছে। সংগীতের ক্ষেত্রেও একই কথা সত্য। আধুনিক সুরকারদের প্রতিটি সৃষ্টির মধ্যেই প্রাচীন ভারতীয় সংগীতের সেই অগ্রযাত্রারই নতুন প্রকাশ ঘটছে। আধুনিক সংগীতকারেরা এ কাজে রাষ্ট্র ও সাধারণ মানুষের কাছ থেকে উৎসাহ ও সহযোগিতা আশা করেন। তবে সেই উৎসাহ না পেলেও তাদের সংগীত থেমে থাকবে না। পরীক্ষা-নিরীক্ষা, ভুলত্রুটি এবং নিরন্তর চর্চার মধ্য দিয়েই একদিন তা পূর্ণতা অর্জন করবে। পাশ্চাত্য সংগীতের ঐতিহ্যকে অনুসরণ করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা আমাদের নেই। কিন্তু সামনে এগোনোর পথে কোনো ধরনের গোঁড়ামিকেও প্রশ্রয় দেওয়া চলবে না।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, পৃথিবীর সংগীতকে দেওয়ার মতো ভারতীয় সংগীতের অনেক কিছুই আছে। এর গভীরতা আছে, মর্যাদা আছে, আর আছে অনুভূতি ও আবেগ প্রকাশের এক বিরল সৌন্দর্য। আজকের বিশ্বসংগীতের যত জটিল কৌশল ও কারিগরি উৎকর্ষই থাকুক না কেন, তার গভীরে মানুষের ব্যক্তিসত্তারই প্রতিফলন ঘটে। ভারতীয় সংগীত সেই সংগীতের মধ্যে আত্মার স্পর্শ এনে দিতে পারে। মানুষের অন্তরের অনুভূতি ও আত্মিক বোধের প্রকাশ ঘটিয়ে তাকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে। ভারতীয় সংগীত পৃথিবীকে শান্তি ও সহনশীলতার বার্তা দিতে পারে। আর এই মহৎ দায়িত্ব পালন করতে হবে আধুনিক ভারতীয় সংগীতকারদেরই। ভারতীয় সংগীতের উৎস অফুরন্ত, তার সম্ভাবনারও কোনো সীমা নেই। অতীতে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা লোকসংগীত, শাস্ত্রীয় সংগীত এবং পাশ্চাত্য সংগীত থেকে ভারতীয় সংগীত তার প্রেরণা ও উপাদান সংগ্রহ করেছে। আজ পৃথিবীর দেশগুলোর মধ্যে দূরত্ব অনেক কমেছে, সাংস্কৃতিক আদান-প্রদানও আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় সংগীতের সামনে নিজেকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার, নিজের দৃষ্টিকে আরও প্রসারিত করার এক অসাধারণ সুযোগ এসে উপস্থিত হয়েছে।

পরিচিতি
সলিল চৌধুরী উপমহাদেশের অন্যতম প্রতিভাবান সুরকার, গীতিকার, সংগীত পরিচালক ও লেখক। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার গাজীপুর গ্রামে ১৯ নভেম্বর ১৯২২ জন্ম গ্রহন করেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার গভীর আগ্রহ ছিল। বাংলা গণসংগীতের ধারায় তিনি নতুন মাত্রা যোগ করেন। লোকসংগীত, শাস্ত্রীয় সুর ও পাশ্চাত্য সংগীতের মেলবন্ধনে তৈরি করেন নিজস্ব সংগীতভাষা। বাংলা, হিন্দি ও মালয়ালমসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে তিনি সুর করেছেন। ‘গাঁয়ের বধূ’, ‘রানার’ ও ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। তার সৃষ্টিশীলতা ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছে। ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর ৬৯ বছর বয়সে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








