এক অর্থে র্যাব আগের মতো থাকছে না, সম্ভবত পাল্টে যাচ্ছে নামও বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৯ মে) সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।
গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা, দল ও সংগঠনের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সুপারিশ এসেছে। ক্ষমতাসীন দল বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি চেয়েছিল।
এরআগে, সোমবার (১৮ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছিলেন, সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার।
সংবাদ সম্মেলনে র্যাব নিয়ে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “সোমবার র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং ঘটনাচক্রে তিনিও সেখানে উপস্থিত ছিলেন। র্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, যে দাবি হয়েছিল, এখনো র্যাব এক অর্থে আগের মতো করে থাকছে না। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, র্যাবের জন্য নতুন একটি আইন হবে।”
উপদেষ্টা আরও বলেন, “র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি, কারণ এই ধরনের অপশন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সেটাও জানিয়েছেন, এই আইন করার জন্য তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সক্রিয়ভাবে কাজ করছেন।”
রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা দরকার আছে বলে মনে করেন জাহেদ উর রহমান। বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “একটি এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে বা ভিন্ন নামে হোক এবং বিস্তারিত সংজ্ঞায়িত একটি আইন থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









