রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের পচা-গলা মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর সন্তানদের অবহেলার অভিযোগ সামনে এসেছে। আলোচিত এ ঘটনার পর তাঁর ছেলে ড. এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবারের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে, অন্যথায় তাঁকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
ড. আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর বক্তব্যের পরই রাতের দিকে ওএসডি করার সিদ্ধান্ত কার্যকর হয়।
নূরজাহান বেগমের পরিবারে তিন সন্তান রয়েছেন—একজন যুগ্ম সচিব, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং একজন স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।
গত রোববার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে। অভিযোগ রয়েছে, একই বাসায় পাশাপাশি কক্ষে বসবাস করলেও মেয়ের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করতে ২০১৩ সালে আইন প্রণয়ন করা হয়, যার বিধিমালা ২০২৩ সালে কার্যকর হয়। এ আইনে সন্তানদের ওপর বাবা-মায়ের দেখভালের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা অনাদায়ে তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









