রাজধানীতে হাইকোর্টের প্রধান ফটকের সামনে ব্যানার টাঙিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন অংশগ্রহণকারী হাইকোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে একটি ব্যানার প্রদর্শন করছেন। ব্যানারে লেখা ছিল, ‘প্রত্যাবর্তন ২.০’ লোডিং। পাশাপাশি ‘দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে সকল অবৈধ ষড়যন্ত্রমূলক রায় বাতিল এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’—এমন দাবিও উল্লেখ করা হয়।
ঘটনাস্থলটি ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের হাইকোর্ট বিভাগের মূল ফটক।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ভোর ৬টার পর সুপ্রিম কোর্টের সামনে একটি মিছিল হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









