বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে বিশ্ব দ্রুত মেধা ও জ্ঞানভিত্তিক সমাজে রূপ নিচ্ছে। এ বাস্তবতায় দেশের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
শনিবার (৬ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) আয়োজিত ‘বাংলাদেশে ভুয়া সংবাদ প্রতিরোধ: নীতিমালা, প্রযুক্তি ও জবাবদিহিতা’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে দীর্ঘদিন ধরে ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্যের সমস্যা নিয়ে আলোচনা হলেও এখন আর শুধু সমস্যা চিহ্নিত করার সময় নয়, বরং কার্যকর সমাধান বাস্তবায়নের সময় এসেছে। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, সমস্যা তুলে ধরার পাশাপাশি বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দিতে হবে, যাতে সরকার দ্রুত তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে পারে।
অনুষ্ঠানে এনআইসিটিএফ-এর ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ মীর্জা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
স্মার্ট ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াদ হাসনাইনের সঞ্চালনায় আয়োজিত আলোচনায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন বলেন, দেশে মাত্র হাতে গোনা কয়েকটি গণমাধ্যমে ফ্যাক্টচেকিং টিম রয়েছে। ভুয়া তথ্য প্রতিরোধে প্রতিটি গণমাধ্যমে বাধ্যতামূলকভাবে স্বতন্ত্র ফ্যাক্টচেকিং ইউনিট গঠন জরুরি।
একাত্তর টিভির ‘ফেইক নিউজ স্ক্যানার’ অনুষ্ঠানের সম্পাদক ও উপস্থাপক রাকিব হাসান বলেন, দেশে গুজব ও বিভ্রান্তিকর তথ্য এখন কেবল সামাজিক সমস্যা নয়, বরং এক ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডে রূপ নিয়েছে। নির্দিষ্ট উদ্দেশ্যে গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বাড়িয়ে পরে সেই প্ল্যাটফর্ম আর্থিকভাবে কাজে লাগানো হচ্ছে।
এনআইসিটিএফ সভাপতি রাফেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিজনেস স্কুলের অধ্যাপক ড. শাহ জে মিয়া, এনআইসিটিএফ উপদেষ্টা ড. মারুফ মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









