উন্নয়ন হতে হবে সমতার ভিত্তিতে এবং সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, কাউকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম যেন সুফল ভোগ করতে পারে, সেজন্য টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোর সমন্বিত উন্নয়নে স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। পর্যটনসহ সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি।
জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা।
ডা. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজ পরিদর্শন করেন এবং সেখানে ২০০টি নারিকেল চারা রোপণ করেন। বরিশাল বিভাগে পাঁচ বছরে এক লাখ নারিকেল চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
ইকো ভিলেজ পরিদর্শনকালে তিনি বলেন, পরিকল্পিতভাবে চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি পাবে। ঝালকাঠিকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশি ইকো ভিলেজে সকল নাগরিকের জন্য মনোরম পরিবেশ তৈরির অভিপ্রায় প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









