ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী সিটি কলেজিয়েট স্কুলে বৃক্ষরোপন কর্মর্সূচি পালিত হয়েছে। এ সময় বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে গাছের চারা উপহার দেন স্থানীয় সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ৬ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে এই বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বিদ্যালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়টি জাতীয়করণের দাবি জানিয়ে সভাপতি বরাবরে লিখিত আবেদন জানান।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, ১৪৩ বছর বয়সি ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলটি ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে এই প্রতিষ্ঠানটি ছিল এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রের আলোর দিশারী। বর্তমানেও প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে।
নতুন প্রজন্মের মেধা বিকাশ এবং সুশিক্ষিত নাগরিক গড়ে উঠার সুযোগ সৃষ্টিতে এই প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি রাখে। প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের এই দাবি শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে।
এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: মান্নান, অভিভাবক সদস্য আলী ইউসুফ, শিক্ষক প্রতিনিধি আ: হাকিম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, বিএনপি নেতা জামাল উদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ অনেকেই।
বিদ্যালয় প্রাঙ্গনের অভ্যান্তরে নবনির্মিত অভিভাবক ছাউনী উদ্বোধন করেন সংসদ সদস্য (এমপি) ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উদ্বোধনের আগে প্রধান শিক্ষকের কক্ষে অ্যাডহক কমিটির প্রথম সভা সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









