চাঁপাইনবাবগঞ্জে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে সদর উপজেলার রানীহাটি-বৈলতলা এবং শিবগঞ্জ উপজেলার মনাকষা ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার হাউসনগরের আব্দুস সালাম, দাদনচক এলাকার সোহেল রানা ও মো. আসিফ, তারাপুর মুন্নাপাড়ার মোহাম্মদ আলী, শ্যামপুর সাহাপাড়ার ইমন রেজা এবং কয়লাদিয়াড় গ্রামের মো. আশিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল রানীহাটি-বৈলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুস সালাম, সোহেল রানা ও মো. আসিফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পরে গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী, ইমন রেজা ও মো. আশিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত। চুরি করা মোটরসাইকেল তারা জেলার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করত। কোনো কোনো ক্ষেত্রে বিক্রি করতে না পারলে মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









