বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে এবং চলমান খনন কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত গ্যাস উৎপাদন হলে পর্যায়ক্রমে সব সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হবে।
রোববার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান গ্যাস সরবরাহ পরিস্থিতির কারণে আশুগঞ্জ সার কারখানাসহ অন্যান্য সার কারখানায় পূর্বঘোষিত সময়সীমার মধ্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। সীমিত গ্যাস সরবরাহের কারণে সরকারকে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বরাদ্দকে অগ্রাধিকার দিতে হচ্ছে, যাতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল থাকে।
তিনি আরও বলেন, সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
মন্ত্রী উল্লেখ করেন, গ্যাস ঘাটতির কারণে আপাতত সার কারখানাগুলোতে সরবরাহ দেওয়া যাচ্ছে না।
এছাড়া তিনি জানান, মধ্যমেয়াদে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়াতে প্রায় ১৭ বছর পর নতুন করে গ্যাস অনুসন্ধান ও খনন কার্যক্রম শুরু করা হয়েছে। এটি আমদানি নির্ভরতা কমানো এবং শিল্পখাতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করার বৃহত্তর পরিকল্পনার অংশ বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









