প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ, পীর-আউলিয়াদের দেশ। এ দেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে তাদের হাত ধরে। মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ।’
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাইয়ে বাটুলিয়া গ্রামে প্রখ্যাত সাধক বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন,‘ মাজারে আক্রমণ নিন্দনীয় কাজ ছিল। বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ, বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে ইসলামিক চিন্তাবিদদের হাত দিয়ে, পীর-আউলিয়াদের হাত দিয়ে সম্প্রসারিত হয়েছে।’
সারা বাংলাদেশেই হ্যাঁ ভোটের জন্য একটা জোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ বুঝে গেছে-হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা টাকা নিরাপদ থাকবে, পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত হবে, আর রাষ্ট্র এমন একটি পথে চলবে যেখানে মানুষের অধিকার অক্ষুণ্ণ ও সমুন্নত থাকবে।’
বুচাই পাগলার মাজার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এখানে জনপ্রিয় বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের নামকরা বাউল শিল্পীরা অংশ নেন। এই মাজারসংলগ্ন মাঠে আয়োজিত এই মেলা বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।’
মাজার আঙিনা ঘুরে দেখে তিনি বলেন, ‘বুচাই চান পাগলা এই এলাকার নামকরা সাধক ছিলেন। প্রতিবছর জানুয়ারি মাসে একটা বাউল গানের আসর বসে। দেশের নামকরা বাউল শিল্পীরা এখানে গান পরিবেশন করেন। আমি বলবো সাম্প্রদায়িক সম্পীতির দেশ বাংলাদেশ, সেই সম্পীতি যেন বজায় থাকে।’
এ সময় ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহম্মেদ রাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর মাজারটি কতিপয় লোক ভেঙে দেয়। দরজা-জানালা ও গম্বুজ ভেঙে ফেলা হয়। ইতোপূর্বে এই মাজারে যে ভাঙচুর হয়েছে- তা সরকার বাদী হয়ে মামলা করেছে। সম্প্রতি মাজারটিতে সংস্কার কাজ চলমান রয়েছে।
মাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এলাকার কিছু টুপিধারী লোক মাজারটা ভাঙচুর করে। তারা এটা পছন্দ করে না।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাজারটি মেরামতের কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









