নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন ‘স্ট্যাটাস কো’ আদেশ অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম (সৈয়দ সিরাজ) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. আব্দুর রউফ মিয়া ও তার পরিবার।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার বাড়িয়াছনি এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুর রউফ মিয়া অভিযোগ করে বলেন, প্রায় তিন বছর আগে বরুণ চন্দ্র সাহার কাছ থেকে ক্রয়সূত্রে তার দুই ছেলে রাকিব হোসেন ও সাজ্জাদ হোসেনের নামে জমি কেনেন।
পরবর্তী সময়ে জমিটি তাদের নামে নামজারি করা হয়। এরপর থেকে ওই জমিতে শান্তিপূর্ণভাবে বসবাসের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন তারা।
তিনি জানান, জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এ ঘটনায় দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট জমিতে উভয় পক্ষকে এক বছরের জন্য ‘স্ট্যাটাস কো’ বা জমির বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
কিন্তু আদালতের এ আদেশ অমান্য করে মামলার বিবাদী সৈয়দ সিরাজুল ইসলাম জোরপূর্বক জমিতে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন আব্দুর রউফ। এমনকি এ বিষয়ে রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা নির্মাণকাজ বন্ধ রাখতে আইনি নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের জমি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, ভূমি প্রশাসন ও বিচার বিভাগের কাছে চার দফা দাবি জানান।
দাবিগুলো হলো—দখলীয় জমিতে সৈয়দ সিরাজুল ইসলামের নির্মাণকাজের বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত করা, হাইকোর্টের ৮ সেপ্টেম্বরের ‘স্ট্যাটাস কো’ আদেশ যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা, আদালতের আদেশের পরিপন্থী কোনো নির্মাণ কাজ হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগীর জমি ও ব্যবসা প্রতিষ্ঠানের দখল রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা।
এর আগে গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে এ বিষয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুর রউফ মিয়া। সংবাদ সম্মেলনে তিনি আদালতের আদেশ বাস্তবায়ন এবং জমি দখল ও নির্মাণকাজের অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









