পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাশরাফি নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দেবীগঞ্জ সদর ইউনিয়নের গজপুরী পশ্চিম মুন্সীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাশরাফি ওই এলাকার আয়নাল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশু মাশরাফির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। জুমার নামাজ শেষে বাবা আয়নাল হক স্থানীয় হাটে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হলে মাশরাফিও তার পিছু পিছু রাস্তায় চলে যায়। পরে তার মা দেখতে পেয়ে শিশুটিকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে মায়ের কাজের ব্যস্ততার সুযোগে আবারও বাড়ির সামনের রাস্তায় বেরিয়ে পড়ে সে। একপর্যায়ে খেলতে খেলতে অসাবধানতাবশত রাস্তার পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।
এদিকে, শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে পুকুরের পানিতে মাশরাফিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন তিনি। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘‘পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









