মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকাগুলোতে কয়েক দিন ধরে রাত নামলেই ভিন্ন এক দৃশ্য দেখা যাচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও লাঠি ও টর্চলাইট হাতে পাহারায় অংশ নিচ্ছেন। তাদের লক্ষ্য একটাই—ভারত থেকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকানো।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে বাংলাদেশে লোকজন ঠেলে পাঠানোর আশঙ্কাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে মৌলভীবাজার জেলার ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১১৪ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে পাহারায় অংশ নিচ্ছেন।
বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বড়াইল সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই স্থানীয় লোকজন ছোট ছোট দলে বিভক্ত হয়ে সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অবস্থান নেন। তাদের সঙ্গে গ্রাম পুলিশ ও আনসার সদস্যদেরও দেখা যায়। কেউ টহল দিচ্ছেন, কেউ আবার সন্দেহজনক কোনো গতিবিধি নজরে রাখতে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন জানা যায়, তারা স্বেচ্ছায় বিজিবির পাশে দাঁড়িয়েছেন। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের না ঘটে, সে জন্য তারা দিন-রাত সতর্ক রয়েছেন। প্রয়োজন হলে ভবিষ্যতেও এ কার্যক্রম চালিয়ে যাবেন।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘‘সীমান্ত এলাকার মানুষকে সচেতন করতে মসজিদে মাইকিং করা হয়েছে। গ্রাম পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় বাসিন্দারা রাতভর পাহারা দিচ্ছেন। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।’’
তবে সীমান্তে কঠোর নজরদারি থাকলেও স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ পুরোপুরি কাটেনি। অনেকেই বলছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও সীমান্তে বিরাজমান উত্তেজনার কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, ‘‘তাদের অধীন ১১৪ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবি প্রস্তুত রয়েছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘দেশের সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









