রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একদিনের অভিযানে মোট ২ হাজার ১৬৭টি মামলা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (১৪ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৩৭৬টি যানবাহন ডাম্পিং এবং আরও ২৮৮টি রেকার করা হয়েছে।
বিভাগভিত্তিক মামলার মধ্যে মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৪৩৬টি এবং উত্তরা বিভাগে ৪২৭টি মামলা হয়েছে। এছাড়া ওয়ারীতে ২৭৯টি, লালবাগে ১৯৪টি, মিরপুরে ৩৬০টি, গুলশানে ২৩৫টি, তেজগাঁওয়ে ১৫৯টি এবং ট্রাফিক-রমনায় ৭৭টি মামলা করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









