১৯ বছর আগে এক প্রীতি ম্যাচে গোলবন্যার সাক্ষী হয়েছিল আর্জেন্টিনা ও আলজেরিয়া। সেই ম্যাচেই বড় মঞ্চে নিজের জাদু দেখাতে শুরু করেছিলেন এক তরুণ—লিওনেল মেসি। সময় বদলেছে, মঞ্চও বদলেছে। তবে একটি জিনিস একই রয়ে গেছে—মেসি।
২০০৭ সালের ৫ জুন, স্পেনের ক্যাম্প ন্যুতে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেদিনই প্রথমবার বড় পরিসরে নজর কাড়েন মেসি। অভিজ্ঞ তারকাদের ভিড়ে তরুণ এই ফরোয়ার্ড নিজের প্রতিভার ঝলক দেখাতে শুরু করেছিলেন।
সেই ম্যাচে শুরুটা ছিল দারুণ। দেড় মিনিটেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন কার্লোস তেভেজ। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় আলজেরিয়া। আনথার ইয়াহিয়ার গোলে সমতা ফেরানোর পর মাজিদ বুঘেরার গোলে প্রথমার্ধ শেষ করে এগিয়ে যায় আফ্রিকান দলটি।
বিরতির পর বদলে যায় দৃশ্যপট। মেসির পায়ে শুরু হয় জাদু। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান তিনি, এরপর মুহূর্তেই ক্যাম্বিয়াসোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান মেসি। শেষদিকে একটি গোল শোধ করলেও ম্যাচটা ৪-৩ ব্যবধানে জিতে নেয় আর্জেন্টিনা।
দীর্ঘ ১৯ বছর পর আবার সেই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। তবে এবার আর প্রীতি ম্যাচ নয়, বিশ্বকাপের আসল লড়াই। ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় কানসাস সিটিতে খেলবে আর্জেন্টিনা ও আলজেরিয়া।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চাইবে জয় দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করতে। অন্যদিকে ‘মরুভূমির শিয়াল’ খ্যাত আলজেরিয়া দ্রুতগতির আক্রমণ ও কাউন্টার অ্যাটাক দিয়ে চমক দেখাতে প্রস্তুত।
আগের দেখায় ছিল রোমাঞ্চ আর গোলের বন্যা—এবার কী অপেক্ষা করছে, সেটাই দেখার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









