গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় ভেঙে পড়া বেইলি ব্রিজের নিচে খালে পড়ে যাওয়া বালুবাহী ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রাকটি উদ্ধারের পাশাপাশি ব্রিজ পুনর্নির্মাণের কাজ চললেও বন্ধ রয়েছে যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলা শহরের হাজারো মানুষ।
সোমবার (১৫ জুন) সকাল থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে ভেঙে যাওয়া ব্রিজটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে খাল থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টাও চলছে। তবে এখন পর্যন্ত ট্রাকটি তোলা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের পাচুড়িয়া বেইলি ব্রিজটি জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। ব্রিজটি ভেঙে যাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রায় দেড় কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে আদালত, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারমুখী মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। বিকল্প সড়কে যানবাহনের চাপের পাশাপাশি সময় ও খরচ দুটোই বেড়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ব্রিজ পুনর্নির্মাণের কাজ চলছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কাজ সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। এর পাশাপাশি স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলছে।
উল্লেখ্য, রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাওয়ার সময় বালুভর্তি একটি ট্রাক পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজটি পার হওয়ার মুহূর্তে ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে।
এতে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। একই সময়ে একটি ইজিবাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়। দুর্ঘটনায় ৩ জন আহত হন।
ভেঙে পড়া ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণ এবং বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









