ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কমপক্ষে ৬টি করে সিসি ক্যামেরা স্থাপন করায় সরকারি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা কেন্দ্রগুলোতে প্রধান শিক্ষকরা নিজেদের অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করলেও এখন পর্যন্ত বিল পাননি তারা।
এ নিয়ে ভোটকেন্দ্রের আওতায় থাকা ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা গত ১৭ মে স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত আবেদন করেছেন। সংসদ সদস্য তার নিজস্ব বরাদ্দ থেকে শিক্ষকদের সিসি ক্যামেরার বিল দেওয়া যায় কিনা তা উপজেলা নির্বাহী অফিসারকে বিবেচনা করতে বলেছেন।
জানা গেছে, নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে অন্তর্বর্তী সরকার ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বিশেষ বরাদ্দ প্রদান করা হয়। অন্যদিকে ঝুঁকিপূর্ণের বাইরে থাকা কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসনের নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করতে বলা হয়।
কিন্তু স্থানীয় প্রশাসন তাদের নিয়মিত বরাদ্দ থেকে ব্যয় না করে প্রধান শিক্ষকদের মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন করায়। নির্বাচনের পর ওই সকল প্রধান শিক্ষকরা বরাদ্দ পাওয়ার জন্য ইউএনও অফিস ও উপজেলা শিক্ষা অফিসে বারবার যোগাযোগ করেও ব্যর্থ হয়।
এ ব্যাপারে একাধিক প্রধান শিক্ষক জানান, শিক্ষা অফিস থেকে হঠাৎ নির্দেশনা দেওয়ায় অনেকটা ধারদেনা করেই সিসি ক্যামেরা স্থাপন করতে হয়েছে। এতে প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৪০ হাজার টাকা করে খরচ হয়েছে। এই টাকার যদি কোন বরাদ্দ না থাকে তাহলে আমাদের নিজেদের টাকা থেকে আগাম খরচ করতে বলা হয়েছে কেন?
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফুজ্জামান জানান, স্থানীয় প্রশাসনের নির্দেশে প্রধান শিক্ষকদের সিসি ক্যামেরা লাগাতে বলে এখন আমরাও বিপাকে পড়েছি। বিল দিতে না পেরে তাদের কাছে আমরা অনেকটা লজ্জিত।
উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার জানান, তাদেরকে ওই সময় বলা হয়েছে বরাদ্দ আসলে পাবেন। বরাদ্দ আসবে এমন কোন কথা বলা হয় নাই।
জেলা নির্বাচন অফিসার মো. আবদুল মান্নান জানান, বিষয়টি আগামী জেলা সমন্বয় মিটিংয়ে আলোচনা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চিঠি না দিয়ে একে অপরকে দোষারোপ করে লাভ নেই। বরং আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবগত করলে বিষয়টি সমাধান হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









