প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৫ জুন) দুপুরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দিনের শেষে বিস্তারিত জানানো হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেন, পুরো ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
তবে পূর্বানুমতি ও কূটনৈতিক যোগাযোগ থাকা সত্ত্বেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি আর সেখানে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে অংশগ্রহণের বিষয়টি বাংলাদেশ হাইকমিশন আগেই আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









