সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এ নিয়ে বারবার জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে এই ইস্যুটি গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সীমান্তে আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করা হয়েছে।
তিনি আরও জানান, বিএসএফের গুলিতে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও, বিভিন্ন বৈঠকে এ বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য চাপ অব্যাহত রয়েছে।
সংসদে দেওয়া তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে বিএসএফ একাধিকবার সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে অমরণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তে সহিংসতা কমিয়ে আনতে সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









