জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
রবিবার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা হয় নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে। ভবিষ্যতে বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া বাংলাদেশের প্রতি সুইডেনের অব্যাহত সমর্থনের বিষয়েও ইতিবাচক প্রত্যাশা তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আলোচিত বিভিন্ন অর্ডিন্যান্সের সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হয়েছে।
এ সময় প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং সুইডেনের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
বৈঠকে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









