কারেন্ট জালের ব্যবহার বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ইলিশসহ দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (২১ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত)’ প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, জাটকা নিধন, মা ইলিশ আহরণ এবং কারেন্ট জালের ব্যবহার—এই তিনটি বিষয় নিয়ন্ত্রণে সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এসব অবৈধ কার্যক্রম ইলিশের প্রজনন ও উৎপাদনের জন্য বড় হুমকি বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ জরুরি। ইলিশকে শুধু দেশের চাহিদার মধ্যে সীমাবদ্ধ না রেখে বৈদেশিক বাজারেও সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
নদীর পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইলিশের নিরাপদ বিচরণ ও প্রজননের জন্য নদীর স্বাভাবিক প্রবাহ এবং পানির গুণগতমান নিশ্চিত করতে হবে। শিল্পবর্জ্য ও দূষণ রোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলেদের জীবনমান উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অনেক জেলে এখনও দাদন-নির্ভর। তাদের বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
এছাড়া ইলিশ ব্যবস্থাপনায় গবেষকদের সম্পৃক্ত করে একটি বিশেষ উপদেষ্টা দল গঠনের কথাও জানান তিনি, যারা ভবিষ্যৎ নীতি নির্ধারণে পরামর্শ দেবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই বাংলাদেশে হয়। তাই এই সম্পদ সংরক্ষণে টেকসই পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক উদ্যোগ ছাড়া ইলিশ সম্পদের সুরক্ষা সম্ভব নয়। ২০২৫-২৬ অর্থবছরে জেলেদের জন্য প্রায় ২৪ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কর্মশালায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









