রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সোমবার (২৯ জুন) দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সবুজায়ন কর্মসূচি শুরু হচ্ছে। এ পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একযোগে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসায় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।
মূলত এ অনুষ্ঠান সকালে হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুরে নির্ধারণ করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, কর্মসূচি বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হবে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণমূলকভাবে আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।
কর্মসূচি সফল করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উপলক্ষে ক্যাম্পাসে জলবায়ুবিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানোর পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে।
এদিকে একই মঞ্চ থেকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের উদ্ভাবকদের তৈরি স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভেন্যু ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









