আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, প্রতিদিন পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজ এলাকার মধ্যে শুধুমাত্র পরীক্ষার্থী, শিক্ষক ও অনুমোদিত কর্মীদের প্রবেশের অনুমতি থাকবে। অন্য কোনো ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না।
ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









