প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানার অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদিত নতুন উপজেলাগুলো হলো:
চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা
কুমিল্লা: মুরাদনগর উপজেলার অংশ নিয়ে বাঙ্গরা উপজেলা
ময়মনসিংহ: গফরাগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে পাগলা উপজেলা
এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতায় থাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হবে।
সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









