তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশের অনুরোধ অনুযায়ী চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং এ বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।
রাষ্ট্রদূত বলেন, তিস্তা একটি বাংলাদেশি প্রকল্প এবং এর সঙ্গে লাখ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত। বাংলাদেশ সরকারের অনুরোধ অনুযায়ী তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) নিয়েই মূল আলোচনা হচ্ছে।
তিনি আরও বলেন, চীন তাদের সক্ষমতার মধ্যে থেকেই এ প্রকল্পে সহায়তা দিয়ে যাবে এবং এ ইস্যুর বাইরে অন্য কোনো বিষয় তাদের বিবেচনায় নেই।
চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে অত্যন্ত সফল ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তার মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে গেছে এবং পারস্পরিক আস্থার নতুন ভিত্তি তৈরি করেছে।
তিনি বলেন, চীন–বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









