বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। বৈঠকে বাংলাদেশ-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডা. শফিকুর রহমানের সঙ্গে এটি স্পেনের রাষ্ট্রদূতের প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলোচনায় জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট এবং বাংলাদেশ-স্পেন সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার বিভিন্ন দিক গুরুত্ব পায়। পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
এছাড়া দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক এবং রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, সম্ভাব্য সমাধান ও সংশ্লিষ্ট চ্যালেঞ্জ নিয়েও মতবিনিময় করা হয়।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে স্পেনের অবস্থানেরও প্রশংসা করেন তিনি।
স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বাংলাদেশ-স্পেনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









