প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণেই তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য থাকলে তাদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আগের দিন অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে একটি অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটি কথা বলব, আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। অনেক চিন্তা-ভাবনা করে মনে হয়েছে বিষয়টি আপনাদের বলা উচিত। আমি নিজে যা করছি, সেটিই আপনাদের জানাচ্ছি।’
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে তা গরিব-দুঃখী মানুষের কল্যাণে অথবা রাষ্ট্রীয় প্রয়োজনের কাজে ব্যয় করা যায়।
প্রধানমন্ত্রী আরও জানান, তার মৌলিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। সেই হিসেবে তিনি প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। বেতন ব্যাংক হিসাবে আসার পর তিনি সেই অর্থ তুলে সরকারের হিসাবে চেকের মাধ্যমে জমা দেন বলেও উল্লেখ করেন।
এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আমি যা করছি, আপনারাও যদি মনে কিছু না নেন এবং সম্ভব হয়, তাহলে প্রতি মাসে আপনাদের বেতনের ১০ শতাংশ সরকারের ঘরে ফেরত দিতে পারেন।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই আহ্বানকে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। আমরা খুশি হয়েছি যে তিনি আমাদের কাছে এভাবে বিষয়টি তুলে ধরেছেন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









