বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনের যেসব কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে ভূমিকা রেখেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।
মাঠ প্রশাসনে শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার বিষয়ে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বিভাগীয় মামলা দায়ের করে শাস্তির বিধান রয়েছে এবং এসব তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তার ডোসিয়ারে সংরক্ষণ করা হয়, যা ভবিষ্যতে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিবেচনায় আসে।
প্রতিমন্ত্রী আরও জানান, কর্মকর্তাদের নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলতি ২০২৫–২৬ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের উদ্যোগে ৬টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে ১৮০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া এ বছর আরও ৮টি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সিভিল সার্ভিসের বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সগুলোতেও দুর্নীতি প্রতিরোধ, নৈতিকতা ও শিষ্টাচার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারি চাকরির শূন্য পদের তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর বিপরীতে শূন্য রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ।
তিনি জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন, অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা।
বিসিএস পরীক্ষার সময় কমিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে যেখানে ৩ বছর ৭ মাস সময় লেগেছিল, সেখানে ৪৫তম বিসিএসে সময় লাগে ২ বছর ১১ মাস ২৭ দিন, ৪৬তম বিসিএসে ২ বছর ২ মাস ৯ দিন এবং ৪৭তম বিসিএসে বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র ১ বছর ৭ মাসের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে ৫০তম বিসিএসের ফল এক বছরের মধ্যেই প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
তিনি আরও জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে নারী কর্মকর্তা-কর্মচারীর হার বর্তমানে ২৯ শতাংশ।
নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য কোনো প্রভাবকে প্রশ্রয় দিচ্ছে না। মেধা, সততা ও দক্ষতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করা হচ্ছে।
এছাড়া তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









